ডিজিটাল ডিভাইসই হবে সবচেয়ে বড় রপ্তানি পণ্য: প্রধানমন্ত্রী

২১ অক্টোবর, ২০২১ ১৬:৫৩  
রপ্তানি বাড়াতে আমাদের দেশে পণ্যের বৈচিত্র্য সম্ভব, যেমন এখন আমরা ডিজিটাল ডিভাইস প্রস্তুত করছি তার জন্য বিনিয়োগও আসছে। আমি মনে করি ডিজিটাল ডিভাইসগুলোই হবে এক সময়ে সবচেয়ে বড় রপ্তানি পণ্য তাই সেখানে আমাদের বড় সুযোগ রয়ে গেছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমাদের রপ্তানি আয় বৃদ্ধির জন্য যেটা সব থেকে বড় প্রয়োজন, সেটা হল আমাদের পণ্যের বহুমুখীকরণ। কারণ আমরা এখন একটা ইস্যুর উপরই সব থেকে গুরুত্ব দিয়েছি। যেমন আমাদের পোশাক শিল্প। আর এই শিল্পে আমাদের নারী শ্রমিকরা অনেক কাজ করে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। সেই সাথে সাথে আমরা অন্যান্য ক্ষেত্রগুলোতেও সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি।